খালেদা জিয়ার জন্য প্রস্তুত হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স: পররাষ্ট্র উপদেষ্টা
ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। লন্ডনে চিকিৎসা শেষে তার দেশে ফেরার বিষয়ে বিএনপির অনুরোধের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি জানান, ‘‘খালেদা জিয়াকে লন্ডন থেকে ঢাকায় ফিরিয়ে আনতে বিএনপির পক্ষ থেকে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে এবং এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে।’’
সূত্র জানায়, খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনতে কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত সপ্তাহে পররাষ্ট্র উপদেষ্টার কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দেন।
৮০ বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও সম্পূর্ণভাবে আশঙ্কামুক্ত নন। চিকিৎসকেরা তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন। খালেদা জিয়াও এপ্রিলের শেষ দিকে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।
সরকার সূত্রে জানা গেছে, বিএনপির অনুরোধের ভিত্তিতে লন্ডন ও দোহায় বাংলাদেশ হাইকমিশনের সহায়তায় খালেদা জিয়াকে দেশে ফেরাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তবে এখনও তার দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কিছুদিন আগে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, তিনি এপ্রিলের মধ্যেই দেশে ফিরবেন। উল্লেখ্য, বুধবারই এপ্রিল মাস শেষ হচ্ছে।
উল্লেখ্য, খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হয়। সেখানে ‘লন্ডন ক্লিনিক’-এ টানা ১৭ দিন চিকিৎসা নেওয়ার পর ২৫ জানুয়ারি তাকে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় স্থানান্তর করা হয়। দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় পর এবার লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন তিনি।
.png)
0 Comments